ধনবাড়ীতে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল
- ১১:৪৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 10

দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে আলোচনা সভা, পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা বিকেল সাড়ে ৩টায় ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নে অবস্থিত বলিভদ্র দাখিল মাদ্রাসা ও হযরত খাব্বাব (রা.) দারুল উলুম মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংশ্লিষ্ট মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আবু ইউসুফ জামালী এবং শিক্ষক হাফেজ মাসুদুর রহমান।
‘সত্য, সাহস, সুন্দর’ ও ‘অগ্রযাত্রার চার বছর’ স্লোগানকে সামনে রেখে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা পত্রিকাটির গত চার বছরের সাহসী, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন। তাঁরা বলেন, অল্প সময়ের মধ্যেই দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জনমানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়।
উক্ত দোয়া ও আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওলামা-মাশায়েখ, বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংবাদিক সমাজের প্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলীদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত থাকার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।





















