গোমস্তাপুর সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
- ০২:৪২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 6

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
আগামী ১৬ অক্টোবর থেকে দায়িত্বপূর্ণ এলাকার পূজামণ্ডপগুলোতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহল কার্যক্রম পরিচালনা করবে বিজিবি। এর আগে ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপ এলাকায় রেকি ও প্রস্তুতিমূলক টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে মোট ১৭টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে রহনপুর বিওপির আওতায় ৮টি, বাংগাবাড়ি বিওপির আওতায় ৩টি, চাড়ালডাংগা বিওপির আওতায় ৩টি এবং বিভিষণ বিওপির আওতায় ৩টি পূজামণ্ডপ রয়েছে।
এদিকে, ১৫ অক্টোবর নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাঁদের আর্থিক অনুদান প্রদান করেন।
বিজিবির এ উদ্যোগে সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।






















