সারিয়াকান্দিতে যমুনা নদীতে অভিযানপ্রায় ৯ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস
- ০৮:৫৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / 1

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। সোমবার (২৯ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন।
মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ অনুযায়ী পরিচালিত এই অভিযানে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে পেতে রাখা ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল (বাজারমূল্য আনুমানিক ৭ লাখ টাকা) ও ১৫০০ মিটার কারেন্ট জাল (বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা) জব্দ করা হয়। পরে জব্দকৃত সব জাল উপজেলার কালিতলা ঘাট এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আফিয়া সুলতানা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, “এই ধরনের অবৈধ জাল ব্যবহার করে সব ধরনের মাছ ধরা পড়ে, যার ফলে দেশি প্রজাতির মাছের প্রজনন ব্যাহত হয় এবং জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হয়।”
তিনি আরও বলেন, সরকার চায়না দুয়ারী জালসহ সকল ক্ষতিকর মাছ ধরার সরঞ্জাম নিষিদ্ধ করেছে, কিন্তু এখনো কিছু অসাধু চক্র গোপনে তা ব্যবহার করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।




















