জার্মান পর্যটকের সেই ল্যাপটপ নাটোরে উদ্ধার
- ০৭:৪৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 16

নাটোর রেলস্টেশনের ওয়েটিং রুম থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ব্যাগ চুরির পাঁচ দিন পর হারানো ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ৯ টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় নূর ক্লথ স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
আটক যুবকের নাম অন্তর কুমার(১৯)। তিনি নাটোর শহরের রসুলের মোড় এলাকার অমল কুমার সাহার ছেলে এবং ওই দোকানের কর্মচারী।
সদর থানার পুলিশ জানান,রবিবার রাত সাড়ে ৯ টার দিকে লোকেশন ট্র্যাক করে ওই দোকানে যায় পুলিশ। ওই সময় দোকানটি বন্ধ করে কর্মচারী ও মালিক বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে কর্মচারী অন্তর দোকানে ল্যাপটপ রাখার তথ্য দেয়। এরপর দোকান খুলে ল্যাপটপটি উদ্ধার করা হয়।।
দোকানের মালিক আব্দুর রাজ্জাক ওই কর্মচারী ও তার পরিবারের বরাতে জানান, গত বৃহস্পতিবার অন্তরের মা-বাবা সান্তাহার মাধবদী এলাকায় অন্তরের মামার বাড়ি যাওয়ার জন্য ট্রেনে ওঠেন। ওই সময় তাদের বসার সীটের নীচে ল্যাপটপটি পান। রবিবার দুপুরে রাজশাহীতে অন্তরের বাবার চিকিৎসা শেষে বাড়ি ফেরেন। বিকাল ৪ টার দিকে অন্তর বাড়িতে খেতে গেলে মা-বাবার কাছে বিস্তারিত শুনে দোকানে আসার সময় ল্যাপটপটি নিয়ে আসে। তাকে না জানিয়ে দোকানের এক জায়গায় ল্যাপটপটি রাখেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, উদ্ধার ল্যাপটপটি ওই জার্মান পর্যটকের এটা নিশ্চিত হয়েছেন তারা। বিষয়টি ওই পর্যটককে জানানো হয়েছে। অন্যান্য,সামগ্রী উদ্ধার ও ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





















