পঞ্চগড়ে নাশকতা মামলায় আ.লীগ সভাপতি ফজলুর রহমান গ্রেফতার
- ০৩:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 25

পঞ্চগড় সদর উপজেলার দশমাইল এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী ও নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত আসামি এবং সাতমেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে গোপন তথ্য ও প্রযুক্তিগত সহায়তার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে দশমাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পঞ্চগড়ের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারে, ফজলুর রহমান পঞ্চগড় সদর থানাধীন দশমাইল এলাকায় অবস্থান করছেন। পরে পুলিশ সুপার, পঞ্চগড়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পঞ্চগড় সদর থানার সমন্বয়ে গঠিত একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো. ফজলুর রহমান (৫৯)কে গ্রেফতার করা হয়। তিনি পঞ্চগড় সদর থানাধীন সাতমেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার পিতার নাম মৃত শরীফ উদ্দিন, মাতার নাম জসীবন। তিনি পঞ্চগড় সদর উপজেলার ডুবানুচি এলাকার বাসিন্দা।
পুলিশের দাবি, গ্রেফতার ফজলুর রহমানের বিরুদ্ধে অনলাইন ও অফলাইনে সরকারবিরোধী অপপ্রচার, ষড়যন্ত্রমূলক গোপন সভা আয়োজন এবং রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের প্রচেষ্টার অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ফজলুর রহমানের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানার মামলা নং-০৯, তারিখ ০৩/০৭/২০২৬ খ্রিস্টাব্দ, জিআর নং-২৭৩/২৬ রয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১)(ক)-এর (ঈ), ৮/৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় তদন্তাধীন রয়েছে।
পঞ্চগড় জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।





















