পঞ্চগড়ে আল আমিন হত্যা: সাবেক এমপি গ্রেপ্তার
- ১০:৫০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 22

পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাকে পঞ্চগড় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার পর পঞ্চগড়ের রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরে তাকে গুম ও হত্যার অভিযোগে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় মামলা করেন তার বাবা মনু মিয়া।
মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়াসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার তদন্তের ধারাবাহিকতায় নাঈমুজ্জামান ভূইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।





















