গাবতলীতে পুলিশকে অবরুদ্ধওমারপিটের ঘটনায় গ্রেপ্তার ৪
- ০৫:৩৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / 1

রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টার
বগুড়ার গাবতলীতে পুলিশের এসআই, এএসআই ও কনস্টেবলদের মারপিট করে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মেন্দিপুর মোন্নাপাড়া গ্রামে ধর্ষণ সংক্রান্ত একটি ঘটনার তদন্তে গিয়ে পুলিশের ওপর এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবালের নির্দেশে এসআই তৌহিদুল ইসলাম, এসআই শরীফুল ইসলাম, এএসআই গোলাম মোস্তফাসহ একদল পুলিশ ওই গ্রামে তদন্তে যায়। এ সময় স্থানীয় কিছু সন্ত্রাসী পুলিশ সদস্যদের মারপিট করে একটি ঘরে অবরুদ্ধ করে রাখে এবং পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয়। এমনকি সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের কাজে বাধা, আটক, হামলা, ভয়ভীতি প্রদর্শন ও হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগে এসআই তৌহিদুল ইসলাম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত সংখ্যক পুরুষ ও মহিলার বিরুদ্ধে মামলা করেন।
এরপর অভিযুক্তদের ধরতে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—১. মেন্দিপুর গ্রামের আ: ছাত্তারের ছেলে রাসেল মিয়া (২৬), ২. রাসেলের স্ত্রী সুমাইয়া আক্তার (১৯), ৩. আ: ছাত্তারের মেয়ে সাথী আকতার (২৬), ৪. আ: বাছেদ মোল্লার ছেলে মো: হাসান (২২)
পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




















