ফুলবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।
- ০৫:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 1

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় “নববর্ষের ঐক্যতান,গণতন্ত্রের পুনরুত্থান”প্রতিবাদ্যকে সামনে রেখে নতুন বছরের আনন্দবার্তায় পুরাতন
জরাজীর্ণ সব মুছে উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ ১লা বৈশাখ। এই উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে।
সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও “এসো হে বৈশাখ ” গানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন ও উপজেলা নির্বাহী অফিসার শেখ তাকী তাজওয়ার এর নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়।
ঢাক-ঢোলের শব্দ আর বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে ছোট-বড় সব বয়সী মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে পরিষদ চত্বরে ঐতিহ্যবাহী মেলার স্টল উদ্বোধন ও পরিদর্শন করেন।
সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ঐতিহ্যবাহী বাংলা খাবার পান্তা ইলিশ, চেপা বর্তা,আলু বর্তা, পেয়াজ,শুকনা মরিচ সকলের মাঝে পরিবেশন করা হয়।
দুপুরে ঘুড়ি উড়ানো,রস্মি টানাটানি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে তারা বলেন, ”পহেলা বৈশাখ আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এই উৎসব পালনের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যের জয়গান গেয়েছি। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।”উপজেলা নির্বাহী অফিসার শেখ তাকী তাজওয়ার এর সভাপতিত্বে
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু.কামরুল হাসান মিলন। আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক- শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দ। অপরদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠান নিজ নিজ অবস্থানে দিবসটি সুশৃঙ্খল ভাবে আনন্দ ঘন পরিবেশে পালিত হয়েছে।




















