পঞ্চগড়ে ১৪৬ শিশুর বিদ্যালয়ে অবকাঠামোর বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান
- ০৬:০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 8

পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের জোতময়রাম এলাকায় অবস্থিত ১৩৯ নম্বর কালীবাড়ী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামোগত সংকট চরমে।
শ্রেণিকক্ষের অভাব, জরাজীর্ণ ভবন, ভাঙাচোরা বেঞ্চ ও সীমানাপ্রাচীর না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষার পরিবেশ।
এতে বিদ্যালয়ের ১৪৬ জন শিক্ষার্থীর পাঠদান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর)সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষের বেঞ্চগুলো পুরোনো ও ভাঙাচোরা।
ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙনের চিহ্ন।
পাশাপাশি বিদ্যালয়ের চারপাশে কোনো সীমানাপ্রাচীর না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও রয়েছে শঙ্কা।
বিশেষ করে টিফিনের সময় শিশুদের খেলাধুলার বল প্রায়ই পাশের রাস্তায় চলে যায়।
এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক ও স্থানীয়রা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. লতিফা খাতুন বলেন, “আমাদের বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট রয়েছে। আরও
একটি নতুন ভবন প্রয়োজন। পাশাপাশি পুরোনো ভবনগুলো সংস্কার করা জরুরি।
সীমানাপ্রাচীর না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।
টিফিনের সময় শিশুরা খেলাধুলা করলে অনেক সময় বল রাস্তার ওপর চলে যায়। এতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।”
তিনি আরও বলেন, “আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
দ্রুত নতুন ভবন নির্মাণ, পুরোনো ভবন সংস্কার ও সীমানাপ্রাচীর নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, বিদ্যালয়টির অবকাঠামোগত সমস্যার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।
বিশেষ করে সীমানাপ্রাচীর না থাকায় শিশুরা খেলাধুলা করতে গিয়ে ঝুঁকির মুখে পড়ছে।
কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় উন্নয়নকাজ করা জরুরি।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, “জাতীয়করণ করা স্কুলগুলোতে গেলে দেখা যাবে, কোথাও দেয়ালের পলেস্তারা খসে গেছে, কোথাও ফ্লোরের সমস্যা রয়েছে।
ওয়াশরুমগুলোও ভালো থাকার কথা। পিটিভি-৫ আমাদের অনুমোদন হয়েছে। নতুন ভবন হবে, ফার্নিচার হবে—সবকিছু হয়ে যাবে ইনশাআল্লাহ।”
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বিদ্যালয়টির অবকাঠামোগত সংকট দূর হবে।
নতুন ভবন নির্মাণ, পুরোনো ভবন সংস্কার ও সীমানাপ্রাচীর নির্মাণের মধ্য দিয়ে ১৪৬ শিক্ষার্থীর জন্য নিশ্চিত হবে নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ।

























