দেবীগঞ্জে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ, গঠন হলো মাদক নির্মূল কমিটি
- ১২:৪৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 29

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের খারিজা কাটনহারী গাইবান্ধাপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর বিকেল ৩টার দিকে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আব্দুল মতিন পাটোয়ারী। এতে মাদকের ক্ষতিকর প্রভাব, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকা এবং স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মমিনুল ইসলাম, চিকিৎসক মনঞ্জেল আলিম, সমাজসেবক বাবুল ইসলাম, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সমাজের জন্যও একটি গুরুতর সমস্যা। বিশেষ করে তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, মাদক প্রতিরোধে স্থানীয় পর্যায়েও কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, এলাকায় মাদক বিক্রি বা সেবনের তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে সচেতন থাকতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, পরিবারভিত্তিক নজরদারি, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে খারিজা কাটনহারী গাইবান্ধাপাড়া মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।




















