ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু
- ১১:০০:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 24

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ’ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিজিবি রাজশাহী সেক্টরের সার্বিক নির্দেশনায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে ভোলাহাট উপজেলার আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ প্রশিক্ষণে সীমান্তবর্তী এলাকার ২৫ জন যুবক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণার্থীদের বহুতল ভবন ও বাসাবাড়িতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ স্থাপন, বৈদ্যুতিক ত্রুটি শনাক্ত ও নিরসন এবং নিরাপদভাবে বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম স্থাপনের বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দুইজন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক। তারা নিয়মিত ক্লাস পরিচালনা করবেন।
প্রশিক্ষণ শুরুর প্রাক্কালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, সীমান্ত এলাকার যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তাদের দূরে রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, বিজিবি ভবিষ্যতেও মানবকল্যাণ এবং সীমান্ত এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।
বিজিবির পক্ষ থেকে আশা করা হচ্ছে, মাসব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী যুবকরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। পাশাপাশি এ ধরনের উদ্যোগ সীমান্ত এলাকার যুব সমাজকে ইতিবাচক ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে চোরাচালান প্রতিরোধেও ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষকবৃন্দ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















