এমপিও জালিয়াতির অভিযোগে পীরগঞ্জ পাইলটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বকুলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন।
- ০৪:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 24

এমপিও জালিয়াতির অভিযোগে পীরগঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক (গণিত) শাহজাহান কবীর বকুলের বিরুদ্ধে এমপিও-সংক্রান্ত নথিতে জালিয়াতির মাধ্যমে টাইম স্কেল ও উচ্চতর স্কেল গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগটি তদন্তে নিয়েছে ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিস।
একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবিএম মহিউদ্দীনের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা শিক্ষা অফিস বিষয়টি আমলে নেয়। অভিযোগে এমপিও-সংক্রান্ত নথিতে অসঙ্গতি ও জালিয়াতির মাধ্যমে সরকারি আর্থিক সুবিধা গ্রহণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার তদন্ত কার্যক্রমের নির্দেশ দিয়েছেন। তদন্তে বকুলের নিয়োগসংক্রান্ত বিভিন্ন নথি, ডিজির প্রতিনিধির পত্র, নিয়োগ বিজ্ঞপ্তি, সিএস কপি (চূড়ান্ত ফলাফল সিট), নিয়োগ-সংক্রান্ত সভার রেজুলেশন, নিয়োগপত্র, যোগদানপত্রসহ সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করা হবে।
জেলা শিক্ষা অফিসের সরকারি পত্রে শাহজাহান কবীর বকুলকে আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তার উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।
এ ঘটনায় শিক্ষা অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক হিসেবে টাইম স্কেল ও উচ্চতর স্কেল গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট নথিপত্রে কোনো অনিয়ম বা অসঙ্গতি ছিল কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়ার অপেক্ষায় রয়েছে।
জেলা শিক্ষা অফিসের স্মারকের অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসক, রংপুর অঞ্চলের উপ-পরিচালক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তদন্তে প্রাপ্ত নথি ও তথ্য-প্রমাণ পর্যালোচনার পরই অভিযোগের সত্যতা এবং পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।




















