পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে ‘ফুটবলের জয়গান’ উদযাপন
- ০২:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / 3
বদরুদ্দোজা প্রধান বিশেষ প্রতিনিধি
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ এর অংশ হিসেবে পঞ্চগড়ে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘ফুটবলের জয়গান’ উৎসব।
পঞ্চগড় জেলা ফুটবল ফেডারেশনের আয়োজনে আজ বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল থেকে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ উৎসব শুরু হয়ে সারাদিনব্যাপী ২ পর্বে চলে অনুষ্ঠান।
জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন বাফুফের ভাইস চেয়ারম্যান ফাহাদ করিম।
উৎসবে বাফুফের কেন্দ্রীয় ও স্থানীয় সদস্যবৃন্দ, সাবেক ও বর্তমান খেলোয়াড় বৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সকালে উৎসব উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উৎসব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়ক ঘুরে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে শুরু হয় সমবেত দলীয় সংগীত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নৃত্য, এবং ‘ফুটবলের জয়গান’ শীর্ষক একটি ডকুমেন্টারি প্রদর্শন।
দ্বিতীয় পর্বে দুপুর ২ টার দিকে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে পঞ্চগড় জেলা বনাম ঠাকুরগাঁও জেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। ঠাকুরগাঁও জেলাকে দুই এক গোলে পরাজিত করে পঞ্চগড় জেলা ফুটবল দল।
আলোচনা অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন ও স্থানীয় ও ঢাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
























