সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত
- ০৯:৩৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 11

৪০তম ব্যাচের সফল অংশগ্রহণকারীদের সনদ প্রদান
ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬:
সুফি সেন্টার আয়োজিত সুফি মেডিটেশন মেথড-এর একটি ব্যবহারিক কর্মশালা গত ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাজধানীর হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্ট, তোপখানা রোডে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টায় শুরু হওয়া কর্মশালাটি রাত ৯টায় শেষ হয়।
সুফি মেডিটেশন মেথড-এর উদ্ভাবক এবং সুফি সেন্টার-এর প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক পরিচালক খাজা ওসমান ফারুকী খাজাজীর পরিচালনায় আয়োজিত এ কর্মশালায় সুফি মেডিটেশন মেথডের ৪০তম ব্যাচের সফল
অংশগ্রহণকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মনোচিকিৎসক অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান এবং সহযোগী অধ্যাপক মেহেদি হাসান। এছাড়া উপস্থিত ছিলেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মনজুর-এ-মুর্শেদ।
কর্মশালায় সুফি মেডিটেশন, আত্মশুদ্ধি, মনোজাগতিক সচেতনতা, আধ্যাত্মিক মনস্তত্ত্ব এবং মানবজীবনের সামগ্রিক বিকাশে সুফি চর্চার তাৎপর্য নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সুফি সাধনার জ্ঞানতাত্ত্বিক ভিত্তি, ধ্যানচর্চার ব্যবহারিক দিক এবং ব্যক্তির অন্তর্জগৎ বিকাশে এর ভূমিকার বিষয়গুলো গুরুত্ব পায়।
সুফি মেডিটেশন মেথড একটি সুসংগঠিত ও প্রশিক্ষণভিত্তিক ধ্যানচর্চা পদ্ধতি। এর মূল লক্ষ্য মানুষের অন্তর্জগতের সচেতনতা বৃদ্ধি, আত্মোপলব্ধি, মানসিক প্রশান্তি, আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক বিকাশের পথকে সুগম করা। সুফি সেন্টার দীর্ঘদিন ধরে এ পদ্ধতির নিয়মিত প্রশিক্ষণ, অনুশীলন ও জ্ঞানচর্চা কার্যক্রম পরিচালনা করে আসছে।
৪০তম ব্যাচের অংশগ্রহণকারীদের সনদ প্রদানের মধ্য দিয়ে সুফি মেডিটেশন মেথডের প্রশিক্ষণ কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়। অনুষ্ঠানে এ পদ্ধতির শিক্ষা ও গবেষণার পরিসর সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে এর পরিচিতি ও কার্যক্রম বিস্তারের প্রত্যয় ব্যক্ত করা হয়।
























