বেহাল তিন গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে দেবীগঞ্জের মানুষ; দ্রুত সংস্কারের প্রত্যাশা
- ০১:৩৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 9

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ এলাকার তিনটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কগুলোর বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, কোথাও কোথাও রাস্তা দেবে গেছে এবং উঠে গেছে পিচ ও ঢালাই। এতে প্রতিদিন চলাচলকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী, যাত্রী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় গর্তে পানি জমে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। জনদুর্ভোগ কমাতে সড়ক তিনটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, বেহাল অবস্থায় থাকা সড়ক তিনটির মধ্যে রয়েছে ভাউলাগঞ্জ থেকে পঞ্চগড় যাওয়ার সড়ক, ভাউলাগঞ্জ থেকে দেবীগঞ্জ যাওয়ার সড়ক এবং ভাউলাগঞ্জ তেলপাম্প তিনতলা মোড় থেকে তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে সরকারপাড়া বটতলা পর্যন্ত সড়ক।
ভাউলাগঞ্জ থেকে পঞ্চগড় যাওয়ার সড়কের বিভিন্ন স্থানে পিচ ও ঢালাই উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভাউলাগঞ্জ বাজারে ইউনিয়ন পরিষদের সামনের অংশে বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে থাকায় সেগুলোর গভীরতা বোঝা কঠিন হয়ে পড়ে। ফলে যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
অন্যদিকে, ভাউলাগঞ্জ থেকে দেবীগঞ্জ যাওয়ার সড়কটির অবস্থাও দীর্ঘদিন ধরে নাজুক। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় পিচ উঠে গিয়ে সড়কের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং প্রতিদিন এ পথে যাতায়াতকারী মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
এ ছাড়া ভাউলাগঞ্জ তেলপাম্প তিনতলা মোড় থেকে তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে সরকারপাড়া বটতলা পর্যন্ত সড়কটির অবস্থাও বেহাল। সড়কের বিভিন্ন অংশ দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পিচ ও ঢালাই উঠে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকায় পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
সড়ক তিনটি দিয়ে প্রতিদিন ভ্যান, মোটরসাইকেল, সাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস, ট্রাক ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এসব সড়কের বেহাল অবস্থার কারণে চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী ও সাধারণ যাত্রীদেরও যাতায়াতে বাড়তি সময় ও ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয় এক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে সড়কগুলোর এমন অবস্থা বিরাজ করছে। বিশেষ করে বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকায় চলাচলে বেশি অসুবিধা হয়। জনসাধারণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
এলাকাবাসীর প্রত্যাশা, জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়ক তিনটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করবে। দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে সড়কগুলো দ্রুত চলাচলের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন তাঁরা।





















