পঞ্চগড়ে উন্নয়নকাজে অনিয়ম ঠেকাতে জনগণকে তদারকির আহ্বান প্রতিমন্ত্রী ফরহাদ আজাদের
- ০৪:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 7

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকারি যেকোনো উন্নয়নকাজ জনগণের করের টাকায় বাস্তবায়িত হয়। তাই নিজ নিজ এলাকার উন্নয়নকাজ ঠিকাদারের কাছ থেকে কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে গেদিপাড়া সেতনাই খাল উপ-প্রকল্পের দুই ভেন্টবিশিষ্ট রেগুলেটর নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় এ অঞ্চলের পানির সঠিক ব্যবহার এবং কৃষকদের সুবিধার কথা বিবেচনায় রেখে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি উৎপাদন ও পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও নিরাপদে উদযাপন করা যায়, সে জন্য সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। যেকোনো অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি সরকার বদ্ধপরিকর।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যবৃন্দ এবং এলজিইডি পঞ্চগড়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















