সবুজে বাঁচি, সবুজে বাঁচাই’—ধনবাড়ীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ
- ১১:৪১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 26

টাঙ্গাইলের ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সবুজে বাঁচি, সবুজে বাঁচাই’—এই প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার দুটি আনসার ও ভিডিপি উন্নয়ন ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। ক্লাব দুটি হলো—নিজবর্ণি আনসার ও ভিডিপি উন্নয়ন ক্লাব, পৌরসভা, ধনবাড়ী এবং আমিরপুর আনসার ও ভিডিপি উন্নয়ন ক্লাব, যদুনাথপুর, ধনবাড়ী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের বৃক্ষরোপণ অভিযানে মোট ৪১টি চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে তালগাছের ৫টি, মেহগনির ১০টি, নিমের ৮টি, জলপাইয়ের ১০টি, কাঠবাদামের ৫টি এবং চাপালিশের ৩টি চারা রয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হারুনুর রশিদ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. মতিউর রহমান পিভিএমএস, ধনবাড়ী উপজেলা আনসার কমান্ডার এবং বিভিন্ন ইউনিয়নের দলনেতা-দলনেত্রীসহ আনসার ও ভিডিপির সদস্যরা।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ এখন সময়ের দাবি। আমরা ৪১টি ফলদ, বনজ ও ঔষধি চারা রোপণ করেছি। শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয়; প্রতিটি চারা বাঁচিয়ে রাখতে আমাদের সদস্যরা নিয়মিত তদারকি করবেন।”
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. মতিউর রহমান পিভিএমএস বলেন, “আনসার ও ভিডিপি সবসময় দেশ ও মানুষের সেবায় কাজ করে আসছে। সবুজ ও নির্মল পরিবেশ গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরির অংশ হিসেবেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও তদারকি করা হবে। চারাগুলো বড় হয়ে উঠলে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সবুজায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















