গোপালগঞ্জে বাসচাপায় বৃদ্ধা নিহত প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
- ০১:৪৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 0

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসের চাপায় মাবিয়া বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধা সোনাসুর গ্রামের মোস্তফা গাজীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মাবিয়া বেগম সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে একটি দ্রুতগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা বাসটির কাছে গিয়ে ইট-পাটকেল মেরে ভাঙচুর চালায় এবং যান চলাচল বন্ধ করে দেয়। তারা মহাসড়ক অবরোধ করে রাখায় কয়েকশ’ যানবাহন রাস্তার দুই পাশে আটকা পড়ে।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এস আই রোমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সোনাসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতার অবরোধের কারণে রাত ১১টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে, পরে গ্রামবাসী অবরোধ ত্যাগ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, স্থানীয়রা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।




















