ধনবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
- ০২:০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 1

টাঙ্গাইলের ধনবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে ধনবাড়ী থানাধীন বিল কুকরি সাকিনে আঃ খালেকের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক মিটার থেকে সৃষ্ট শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে বাড়ির একটি চৌচালা টিনের ঘরের সবকিছু পুড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি ধনবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাৎক্ষণিক সহায়তা হিসেবে দুই বস্তা শুকনো খাবার ও তিনটি কম্বল প্রদান করেন।
এ ছাড়া যথাযথ প্রক্রিয়ায় আরও সরকারি সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে প্রয়োজনীয় আবেদন দাখিলের পরামর্শ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।




















