ধনবাড়ীতে প্রতিভা বৃত্তি প্রকল্পের বৃত্তি পেল ২৮০ শিক্ষার্থী, গুণীজন সংবর্ধনা
- ০৮:৫৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 12

টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘প্রতিভা বৃত্তি প্রকল্প’-এর উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে মেধার ভিত্তিতে ২৮০ জন শিক্ষার্থীকে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়।
পাশাপাশি ২৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে এক বছরের শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ধনবাড়ীর আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে রনজিত ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন এমপি।
এতে সভাপতিত্ব করেন প্রতিভা বৃত্তি প্রকল্পের সভাপতি ও সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান খান খসরু।
অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিক্ষাবিদ, আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং ধনবাড়ী
উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমানকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিভা বৃত্তি পরীক্ষায় টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী জামালপুর জেলার কয়েকটি উপজেলা থেকে মোট ১ হাজার ১৮৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে নির্বাচিত ২৮০ জনকে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ২৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে এক বছরের শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিভা বৃত্তি প্রকল্পের পরিচালক মাহমুদুল আমীন রইচ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা বিস্তারে প্রতিভা বৃত্তি প্রকল্প এবং রনজিত ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন।
তাঁরা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।





















