জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা
- ১২:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 8

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায়
মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ‘মীর শাহে আলম ফাউন্ডেশন’-এর আয়োজনে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে দুই হাজার অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সকাল ১১টা থেকে শুরু হওয়া চিকিৎসা শিবিরে প্রায় দুই হাজার রোগী চক্ষু সেবা গ্রহণ করেন, যার মধ্যে প্রায় ৬০০ জনের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে।
বিনামূল্যে উন্নতমানের চিকিৎসা ও চোখের আলো ফিরে
পাওয়ার সুযোগ পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন স্থানীয় দুস্থ ও অসহায় মানুষেরা। মোকা মতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের লাভলী বেওয়া
অশ্রুসজল চোখে বলেন, “তারেক বাবার বেটি জাইমাক যেন আল্লাহ এতদিন বাঁচে রাখে বাবা। হামরা গরিব মানুষ, ট্যাকার অভাবে চোখ কাটতে পাচ্চিনে। জাইমার অছিলায়
আল্লাহ হামার চোখটা ভালো করে দিচ্ছে। আল্লাহ জাইমাক, তারেক বাবাক আর মীর শাহে আলমক ভালো রাখুক।” লাভলী বেওয়ার মতো সাহেদা, কছিমদ্দিনসহ শিবগঞ্জের শত শত সাধারণ মানুষের চোখে দেখা যায় নতুন করে স্বপ্ন দেখার আলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি
জনগণের সরকার। সরকার গঠনের মাত্র সাত মাসের মধ্যেই বগুড়া-২ আসনসহ সারাদেশে সমান তালে উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে। মানুষের কল্যাণসাধন ও সেবাই আমাদের প্রধান লক্ষ্য।”
প্রতিমন্ত্রী জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, “তারা ধর্মের কথা বলে এবং বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়েছে, কিন্তু নির্বাচনের পর সাধারণ মানুষের পাশে তাদের আর দেখা যাচ্ছে না।
ধর্মকে পুঁজি করে রাজনীতি করলেও সাধারণ মানুষ বা ধর্মীয় সেবকদের কল্যাণে তাদের ভূমিকা নেই। পক্ষান্তরে, দেশের সুসন্তান তারেক রহমান ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের স্থায়ী বেতনের সুব্যবস্থা করেছেন।”
তিনি আরও বলেন, “আমরা কোনো ‘আমি-ডামি’ নির্বাচন করে ক্ষমতায় থাকতে চাই না। জনগণের কল্যাণমূলক কাজ করেই আগামী পাঁচ বছর পর আবারও জনগণের রায়ে ক্ষমতায় আসতে চাই। আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে।”
আয়োজকদের সূত্রে জানা গেছে, জন্মদিনের এই মানবিক আয়োজনের দ্বিতীয় দিনে আগামীকাল রবিবার (২৫ অক্টোবর) শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার ৬ শতাধিক মেধাবী ও
প্রতিভাবান ছাত্রীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
অসহায় ও দুস্থদের মুখে হাসি ফুটিয়ে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উদযাপনের এই ব্যতিক্রমী উদ্যোগ বগুড়াজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।























