বোদায় শীতবস্ত্র ও ব্যাগ পেল এক হাজার শিশু শিক্ষার্থী
- ০৯:৩৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / 56
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম
পঞ্চগড়ের বোদা উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাদ্রাসা পড়ুয়া ১ হাজার শিশুকে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ তুলে দেয়া হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার তেপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এ উপহার সামগ্রি তুলে দেয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র যৌথ উদ্যোগে প্রত্যন্ত এলাকার এই শিশুদের হাতে শীতের পোশাক ও স্কুল ব্যাগ সরবরাহ করা হয়। সে সময় এক মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় মাঠ। এছাড়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীকে সম্মাননা এবং আর্থিক অনুদান দেয়া হয়।
অনুষ্ঠান সভায় অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র পরিচালক অর্জন মল্লিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সোহেল পারভেজ, শিশুস্বর্গ ফাউন্ডেশনের পরিচালক কবীর আকন্দ প্রমুখ ব্যক্তিবর্গ তখন সভায় উপস্থিত ছিলেন।
























