দেউলী ইউনিয়নকে আধুনিক মডেল গড়ার প্রত্যয় আবু সিনার
- ০৬:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 20

বগুড়ার মোকামতলা উপজেলার ৫নং দেউলী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে মাঠে সক্রিয় হয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আবু সিনা। গাংনগর এ এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বগুড়া পলিটেকনিক ছাত্র সংসদের সাবেক এই কো-অর্ডিনেটর ইউনিয়নের নানা প্রান্তে ঘুরে ভোটারদের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করছেন।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গাংনগর বাজারে স্থানীয়দের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, নির্বাচিত হলে সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া এবং অবকাঠামো উন্নয়ন হবে তাঁর মূল লক্ষ্য। রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্ট সংস্কারের পাশাপাশি দীর্ঘদিনের জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা নিয়ে অনিয়ম বন্ধের অঙ্গীকার করে আবু সিনা জানান, কোনো ধরনের অর্থ লেনদেন ছাড়াই প্রকৃত উপকারভোগীদের হাতে এসব সুবিধা তুলে দেওয়া হবে।
মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বেকার যুবকদের স্বাবলম্বী করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রান্তিক কৃষকদের কল্যাণে সরকারি প্রণোদনা ও কৃষি সহায়তা সরাসরি কৃষকের কাছে পৌঁছানোর কথাও জানান।
মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও বাল্যবিবাহ রোধে তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার পাশাপাশি নারীদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই প্রার্থী।
তিনি বলেন, “ইউনিয়ন পরিষদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের সেবাকেন্দ্র। দল-মত নির্বিশেষে সবার মতামত নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে একটি মাদক ও দুর্নীতিমুক্ত আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চাই।” এ সময় তিনি দেউলী ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।























