পঞ্চগড়ে ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের
- ০৪:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 12

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা। এ রোগের ভয়াবহতা মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পঞ্চগড়ে আয়োজিত এক সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি অডিটোরিয়াম চত্বরে এ ম্যারাথনের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৮টায় প্রতিমন্ত্রী ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন। পরে প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে তিনিও প্রায় পাঁচ কিলোমিটার দৌড়ে অংশ নেন। দৌড় শেষে প্রতিযোগীরা একই স্থানে ফিরে আসেন। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, ডায়াবেটিস এখন আর শুধু ব্যক্তিগত কোনো স্বাস্থ্যসমস্যা নয়, বরং এটি প্রতিটি পরিবারের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। এ রোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় হাসপাতালভিত্তিক চিকিৎসার পাশাপাশি সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে।
তিনি বলেন, ডায়াবেটিস প্রতিরোধে মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতামূলক কার্যক্রমে এগিয়ে আসতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সম্মিলিত উদ্যোগ ও সামাজিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিসের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা সম্ভব। এ ধরনের জনসম্পৃক্ততামূলক আয়োজন নিয়মিত অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এবং শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ম্যারাথন ও আলোচনা সভার মধ্য দিয়ে ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যসচেতনতা এবং সম্মিলিত সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।




















