শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৫ লক্ষ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ
- ১০:৫৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 2
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশের একটি বড়
চালান জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। চোরাচালানবিরোধী বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সকালে ৫৯ বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৫ আগস্ট ২০২৬ তারিখ ভোর ০৫:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের অধীন সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান চালায়।
এ সময় টহল দলটি মালিকবিহীন অবস্থায় ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ করে। উদ্ধারকৃত যন্ত্রাংশগুলোর আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা। জব্দ করা এসব মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে, গত ১ আগস্ট ২০২৬ তারিখেও একই ব্যাটালিয়নের একটি দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকার তালতলা নামক স্থানে অভিযান চালিয়ে ২৯১ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ আটক করেছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন,
সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের অর্থনীতি রক্ষায় চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















