পুটিজানায় সাদ্দাম খানের জনকল্যাণমুখী কাজের বাঁধার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
- ০৬:২২:০১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 3
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সিঙ্গাপুর প্রবাসী রাজিব হোসাইন সাদ্দাম খানের মেডিকেল ক্যাম্প এবং জনকল্যাণমুখী কাজে বাঁধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিক্ষোভ ও ২৪শে চত্বরে মানববন্ধনের আয়োজন করে পুটিজানা ইউনিয়নের সাধারণ জনগণ।
এতে বক্তারা বলেন, সিঙ্গাপুর প্রবাসী রাজিব হোসাইন সাদ্দাম খান নিজ অর্থায়নে পুটিজানা ইউনিয়নের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার ব্যক্তিগত অর্থায়নে রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে এবং অসহায়দের চিকিৎসাসেবা সহ নানাবিধ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন। তার এমন মহৎ কার্যক্রমে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বাঁধা দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
মানববন্ধনে রাজিব হোসাইন সাদ্দাম খানের পিতা আলহাজ মোহাম্মদ জিন্নাহ খান অভিযোগ করে বলেন, তাঁর ছেলেকে কেন্দ্র করে তাঁকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। তাঁর দাবি, ফোনে বলা হয়, ‘পুটিজানায় সাদ্দাম নির্বাচন করলে সেই আশা বাদ দিতে হবে।’ তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে পুটিজানা ইউনিয়নের নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুলসংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।


















