
মোঃ ইউসুফ খাঁন রংপুর ব্যুরো প্রধান
অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরইমধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক
কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
চলতি বছরের শেষ নাগাদ পরিকল্পনাটি চূড়ান্ত করা হবে।
উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও জানান, “তিস্তা প্রকল্প মূলত বাংলাদেশ ও চীনের মধ্যে একটি দ্বিপাক্ষিক বিষয়। এ বিষয়ে উভয় দেশের সম্মতির ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। গত কয়েক মাসে আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছি। আগামী ১৭ জুলাই পাঁচটি মূল ইস্যু নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে চূড়ান্ত আলোচনা হবে। এরপর প্রস্তাবনা সরকারে পাঠানো হবে এবং ইআরডি (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) এর মাধ্যমে তা চীনা কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে। বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার পরই বাস্তবায়নের কাজ শুরু হবে।”
পরে তিনি সড়কপথে কুড়িগ্রামের উদ্দেশে যাত্রা করেন। এ সময় সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকীসহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন কর্মকর্তারা।

