শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম বন্ধ ও সুচিকিৎসা নিশ্চিত করতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ১২:০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- / 2
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম বন্ধে মানববন্ধন করেছেন সর্বস্তরের ছাত্র-জনতা।
বৃহস্পতিবার(২২ আগস্ট) সকালে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর দালালদের দৌরাত্ম বন্ধ, চিকিৎসক-নার্সদের আচরণ উন্নত করাসহ রোগীদের ভালো মানের খাবার ও সুচিকিৎসা নিশ্চিতকরণের দাবি জানান শিক্ষার্থীরা। সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘চিকিৎসা হবে জনতার, হাসপাতাল হবে মানবতার’ শিরোনামে স্লোগান দিতে থাকে।
মানববন্ধনে বক্তারা বলেন,’শিবচরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। নার্সসহ চিকিৎসকের রোগীদের সাথে আচরণ ভালো করতে হবে। দরিদ্র রোগীদের যেন হয়রানির শিকার হতে না হয় সেদিকে যথাযথ ব্যবস্থা নিতে হবে কর্তৃপক্ষের।
একই সাথে দালালদের উৎপাত বন্ধে কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
























