শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ২
- ০১:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 23
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি থেকে ডগ স্কোয়াডসহ একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে প্রায় ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট গ্রামের মধ্যবাজার পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
অভিযানে রসুলপুর গ্রামের মৃত সমশের আলীর ছেলে মো. আতাউর রহমান (৫০) এবং মৃত তোফাজ্জল হকের ছেলে মো. নুরুল ইসলাম বাবু (৪২)কে ৯ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
পরে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। জব্দ করা হেরোইন পরবর্তীতে ধ্বংস করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















