তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘার উঁকি,
- ১২:৩৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 8

নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়! বরফে মোড়ানো পাহাড়ের অপূর্ব হাতছানি! প্রকৃতির এই বৈপরীত্যই যেন নতুন করে মুগ্ধতা ছড়িয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে তেঁতুলিয়া ।
আবারও দেখা মিলেছে হিমালয়ের তুষারশুভ্র পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনভর জেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখেই দেখা গেছে পর্বতশৃঙ্গটির মনোমুগ্ধকর দৃশ্য। তীব্র রোদের দুপুরেও দিগন্তে স্পষ্ট হয়ে ওঠা পাহাড়ের সারি মুগ্ধ করেছে প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীদের।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) সকাল ও বিকেলেও দেখা মিলেছিল কাঞ্চনজঙ্ঘার। তবে এবারের দৃশ্য যেন নতুন করে আবিষ্ট করেছে প্রকৃতিপ্রেমীদের।
দূরের আকাশে শুভ্র পাহাড়ের সারি, সূর্যের আলোয় বদলে যাওয়া শৃঙ্গের রং আর বিস্তীর্ণ দিগন্তের মেলবন্ধনে তৈরি হয়েছে এক অন্য রকম আবহ। যেন বাস্তবের বুকেই ফুটে উঠেছে কোনো শিল্পীর আঁকা স্বপ্নের ছবি।
স্থানীয়দের কাছে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া নতুন কিছু নয়। তবে প্রতিবারই এর দৃশ্য ঘিরে তৈরি হয় নতুন উচ্ছ্বাস। আকাশ পরিষ্কার থাকলে পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে দেখা মেলে হিমালয়ের এই অপরূপ সৌন্দর্যের।
বিশেষ করে তেঁতুলিয়া অঞ্চলের উন্মুক্ত প্রান্তর ও মহানন্দা নদীর তীর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতা প্রকৃতিপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের।
জানা গেছে, কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার। নেপাল ও ভারতের সিকিম সীমান্তবর্তী হিমালয়
অঞ্চলে অবস্থিত এই পর্বতশৃঙ্গ দূর থেকেই বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের মনে তৈরি করে এক অন্য রকম বিস্ময়।
কাঞ্চনজঙ্ঘার দৃশ্যমানতা অনেকটাই নির্ভর করে আকাশের স্বচ্ছতা, মেঘ ও কুয়াশার ওপর। তাই কখনো মেঘের আড়ালে হারিয়ে যাওয়া, আবার কখনো হঠাৎ
দিগন্তে উঁকি দেওয়া এই পর্বতশৃঙ্গকে ঘিরে মানুষের আগ্রহের কমতি নেই।
পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাগুরমারী সীমান্ত এলাকায় কথা হয় ঢাকা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসা সাব্বির হোসেনের সঙ্গে। তিনি
বলেন, দীর্ঘ এক মাসের পরিকল্পনার পর আজ পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘার উদ্দেশে ঘুরতে আসা। ভাগ্য ভালো ছিল আজকে এসেই দেখা পেয়েছি কাঞ্চনজঙ্ঘার।
পরিবার নিয়ে ঘুরতে আসা রাজশাহীর বাসিন্দা ওলিওর বলেন, কয়েকদিন আগে আমার কয়েকজন বন্ধু ঘুরতে এসে দেখতে না পেয়ে চলে গেছে। আজকে চিন্তা করে
এসেছিলাম হয় দেখতে পাবো না হয় আমরাও খালি হাতে ফিরব। তবে সোমবার দেখা দিয়েছিল শুনে আমরা আজকে রওনা করেছি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত থাকায় সকাল থেকেই পরিষ্কার দেখা যাচ্ছে
কাঞ্চনজঙ্ঘার আশা করা যাচ্ছে এখন থেকে নিয়মিত এবং আগামী দিনগুলোতেও এর সৌন্দর্য দেখা যাবে।
























