পঞ্চগড়ে ডিসি কার্যালয়ে বিস্ফোরক আতঙ্কের অবসান, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় আইইডি
- ০৬:৪৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 9

পঞ্চগড় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্বর থেকে উদ্ধার হওয়া ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) প্রায় ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।
নিষ্ক্রিয় করার পর বস্তুটির ধ্বংসাবশেষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির লোগোযুক্ত আট দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠে নিরাপদ স্থানে নিয়ে বিশেষজ্ঞ দলের সদস্যরা বস্তুটি নিষ্ক্রিয় করেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ৬টার পর জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কের পাশে লাল টেপে মোড়ানো বস্তুটি দেখতে পান কার্যালয়ের কর্মচারীরা। বিষয়টি জানাজানি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে এবং বস্তুটি নিরাপদ স্থানে সরিয়ে রাখে।
খবর পেয়ে এসআরবি-১৩-এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরবর্তী সময়ে বস্তুটি নিষ্ক্রিয় করার জন্য রাজশাহী থেকে এসআরবির বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের ডাকা হয়। রাতে দলটি ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পর অভিযান চালিয়ে বস্তুটি নিষ্ক্রিয় করে।
এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌহিদ বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া বস্তুটি তেমন ক্ষতিকর না হলেও এটি হাতে তৈরি একটি অপ্রচলিত বিস্ফোরক যন্ত্র ছিল। বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সেটিকে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেছেন।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির বাংলানিউজকে বলেন, সকাল থেকেই বস্তুটিকে বোমাসদৃশ হিসেবে বিবেচনায় নিয়ে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়। পরে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা পরীক্ষা-নিরীক্ষা করে এটিকে আইইডি বলে নিশ্চিত করেন।
তিনি আরও জানান, বস্তুটির ধ্বংসাবশেষ থেকে একটি চিঠি বা স্মারকলিপি পাওয়া গেছে। সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, মুখে মাস্ক ও শরীরে চাদর জড়ানো এক ব্যক্তি ভোররাতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বস্তুটি রেখে যায়। তবে ওই ব্যক্তি কে এবং কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জেলা প্রশাসকের কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।




















