দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
- ০৭:৪৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 1

পঞ্চগড়ের দেবীগঞ্জে মসজিদে এশার ফরজ নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় মোঃ আফসার আলী (৭০) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮ টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের পঞ্চায়েত পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আফসার আলী একই এলাকার মৃত অছিম উদ্দিনের ছেলে। তিনি পঞ্চায়েত পাড়া জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন ও ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাবেক বায়তুল মাল সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে সাইকেল নিয়ে এশার নামাজ আদায় করতে মসজিদে যান আফসার আলী। এশার ফরজ নামাজের তৃতীয় রাকাতে সিজদারত অবস্থায় তিনি অচেতন হয়ে পড়েন।
পরে মুসল্লিরা তাঁকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ বেলাল হোসেন।
তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কর্মী ও ইউনিট বায়তুল মাল সম্পাদক মোঃ আফসার আলীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
তিনি যে অবস্থায় ইন্তেকাল করেছেন, তা প্রমাণ করে তিনি আল্লাহর একজন খাঁটি গোলাম ও একনিষ্ঠ ধর্মপ্রাণ বান্দা ছিলেন।
তিনি আরও বলেন, “ব্যক্তিজীবনে তিনি ছিলেন নম্র, ভদ্র ও অমায়িক ব্যবহারের অধিকারী। পাশাপাশি সাংগঠনিক জীবনেও ছিলেন অনুগত ও একনিষ্ঠ কর্মী। মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাত কামনা করছি।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উত্তম ধৈর্য ধারণের জন্য দোয়া করছি।”
























