ফুলবাড়ীয়া মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- ১২:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 10

ময়মনসিংহের ফুলবাড়ীয়া মহিলা ডিগ্রী কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)শেখ তাকী তাজওয়ার।
নতুন মুখ, নতুন স্বপ্ন আর নতুন পথচলা—উৎসবমুখর পরিবেশে ফুলবাড়ীয়া ঐতিহ্যবাহী মহিলা ডিগ্রী কলেজে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে নতুন শিক্ষাবর্ষের ক্লাস কার্যক্রম।
কলেজের গভর্নিং বডির সভাপতি ও ফুলবাড়ীয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকার মনোয়ার কামাল মোঃ মতি উল্যাহ । সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যুৎসাহী সদস্য রওশন আরা পারভীন, দাতা সদস্য মোঃ হুরমত আলী, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ কামরুজ্জামান, প্রভাষক সেবিনা ইয়াসমিন, মোঃ মোজাম্মেল হক,ডিজি প্রতিনিধি মোঃ মাহবুব উল আলম সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কলেজ জীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চার মধ্য দিয়েই একজন শিক্ষার্থী ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে। তাই শিক্ষাজীবনের শুরু থেকেই সময়ের সঠিক ব্যবহার ও নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। এছাড়াও মোবাইলে আসক্ত না হওয়া, পিতা মাতা শিক্ষকদের শ্রদ্ধা ভক্তির মাধ্যমে ও কথামত চলার আহবান জানান।
এর আগে অতিথি বৃন্দদের ফুলের তোরা ও শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরন করা হয়। এবং দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।



















