
নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ এ্যাড. শেখ হাফিজুর রহমান গুরুতর অসুস্থ হয়ে রাজধানী ঢাকার
ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রবীণ এই রাজনীতিবিদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
শেখ হাফিজুর রহমান নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে ১৯৫২ সালের ৩১ মার্চ জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি লক্ষ্মীপাশা এলাকায় স্হায়ীভাবে বসবাস শুরু করেন।
তিনি দীর্ঘদিন ধরে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। আশির দশকে তিনি লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এরপর তিনি লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নড়াইল-২ আসন থেকে ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। দুজন পুত্র সন্তান বাধন ও সাধনের অকাল মৃত্যুতে তিনি ভেঙ্গে পড়েছিলেন।
এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন।

