ফুলবাড়িয়ার অজপাড়াগাঁয়ে ব্র্যাক কর্মসূচি পরিদর্শনে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান
- ০৬:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 3

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (টিইউপি) প্রোগ্রামের একটি উঠান বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বুধবার (৪ মার্চ) সকালে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল গ্রামের মোতালেব ড্রাইভারের বাড়িতে আয়োজিত ব্যতিক্রমী উঠান বৈঠকে অংশ নেন ব্যারিস্টার জাইমা রহমান। পরে তিনি এলাকায় পরিচালিত ব্র্যাক-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ-এর কন্যা ও ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
একজন প্রতিবন্ধী সদস্যসহ পাঁচজন উপকারভোগীর সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের জীবনমান উন্নয়নের অগ্রগতি, আয়বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন জাইমা রহমান। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও পরিবর্তনের গল্প তুলে ধরেন।
ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (টিইউপি) কর্মসূচি চরম দরিদ্র পরিবার, বিশেষ করে নারীদের ২৪ মাসব্যাপী নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনতে কাজ করে। এ কর্মসূচির আওতায় উপকারভোগীদের গরু, ছাগল, হাঁস-মুরগি কিংবা ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিনামূল্যে প্রদান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা সহায়তা এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই মডেলটি দারিদ্র্য বিমোচনে কার্যকর হিসেবে বিবেচিত।
স্থানীয়দের অভিমত, মাঠপর্যায়ে এমন সরাসরি পরিদর্শন ও উপকারভোগীদের সঙ্গে সংলাপ দারিদ্র্য বিমোচন কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















