লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলমের অকাল প্রয়াণে শোকের ছায়া
- ০২:১৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / 0

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি,
নড়াইলের লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল আলম আশরাফ (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আশরাফুল আলম লোহাগড়া শহরের লক্ষ্মীপাশা এলাকার মরহুম মহিউদ্দিন মোল্যার ছেলে। ব্যক্তিগত জীবনে আশরাফুল আলম অবিবাহিত ছিলেন। তিনি গত কয়েক মাস ধরে শারিরীক অসুস্থতায় ভুগছিলেন।
সম্প্রতি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর শরীরে একটি অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন হয় এবং সুস্থ বোধ করায় গত শুক্রবার তিনি বাড়ি ফেরেন।
তবে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আশরাফুল আলম আশরাফ বিগত ২০১৬ সালে
লোহাগড়া পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হন। তিনি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাড়াও উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় জনগণের কাছে একজন জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত ছিলেন।
শনিবার বাদ আসর (বিকেল ৫টায়) লক্ষ্মীপাশা স্টেডিয়ামে (মোল্যার মাঠ) মরহুমের জানাজার নামাজ শেষে তাকে লক্ষীপাশা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাযায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল- ২ আসনের সাবেক এমপি এডভোকেট শেখ হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, বিএনপি নেতা ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, সাবেক মেয়র এ্যাডভোকেট নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জানাজায় উপস্থিত ছিলেন।




















