ফুলবাড়িয়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
- ১২:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / 1

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য প্রধান অতিথি অধ্যক্ষ মু.কামরুল হাসান মিলন বলেন, ভাষা আন্দোলন না হলে আমরা ২৪-এর জুলাই আগস্ট আন্দোলনও পেতাম না।
সরকার আসে আর পহেলা থেকে শুরু করে,কিন্তু বাঙ্গালী জাতির ইতিহাস ঐতিহ্য আছে। তাই আমরা পহেলা থেকে শুরু করতে চাই না,আমরা হাজার বছরের ইতিহাসকে ধারণ করতে চাই।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন, “রাষ্ট্রভাষা বাংলা চাই” ছিল শুধু ভাষার দাবি নয়, এটি ছিল অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ এবং মাতৃভাষায় কথা বলার মৌলিক অধিকার রক্ষার সংগ্রাম। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কোনো সাধারণ তারিখ নয়, এটি বাঙালি জাতির চেতনার উৎস। এই আন্দোলন আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং অধিকার আদায়ে দৃঢ় হতে শিখিয়েছে, যার ধারাবাহিকতায় আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভুমি শেখ তাকী তাজওয়ার,থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল্লাহ সাইফ,উপজেলা জামায়াতে আমীর ফজলুল হক শামীম প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক এবং সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং মাতৃভাষার প্রতি ভালোবাসার আবহ সৃষ্টি হয়।
এর আগে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসন, থানা, পৌরসভা, বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মু.কামরুল হাসান মিলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম,পৌর প্রশাসক ও সহকারী কমিশন ভুমি শেখ তাকী তাজওয়ার, থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল্লাহ সাইফ সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এবং দোয়া ও এক মিনিট নীরবতার মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।




















