শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের মুখে বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

পারভেজ হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি,

 

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে আটকের ঘটনায় জেলা ও উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সৈয়দপুর এয়ারপোর্টে নিরাপত্তা তল্লাশির সময় বেলাল উদ্দিন প্রধানের বহন করা একটি ব্যাগ থেকে ৪০ লক্ষ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। এ সময় তার কাছে অর্থ বহনের বিষয়ে সন্তোষজনক কাগজপত্র না থাকায় তাকে আটক করা হয়।

নির্বাচনের ঠিক প্রাক্কালে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার কাছে এত বড় অঙ্কের নগদ অর্থ উদ্ধারের ঘটনা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে।জেলা ও উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—এই অর্থ কোথা থেকে এসেছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল।

ঘটনার পরপরই বিমানবন্দর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা জোরদার করা হয় এবং উদ্ধার করা অর্থ জব্দ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর জেলা কিংবা কেন্দ্রীয় পর্যায় থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দলীয় একটি সূত্র দাবি করেছে, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।এ ঘটনায় নির্বাচনকে ঘিরে জেলার রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন