
আহমদ বিলাল খান,রাঙামাটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। তিনি বলেছেন, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার গুরুত্বপূর্ণ অঙ্গ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাঙামাটি জেলা পুলিশ লাইন্স মাঠে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক দিকনির্দেশনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, প্রতিটি ভোটার যেন নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে ভোট দিতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি নির্দেশনা দিয়ে বলেন, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিয়মিত পাহারা ও নজরদারি জোরদার করতে হবে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির আগেই তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে গুজব, বিভ্রান্তিকর তথ্য বা উসকানিমূলক কার্যক্রম পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে। তাই এসব বিষয় শনাক্ত করে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদস্যদের প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের সঙ্গে ভদ্র ও সহনশীল আচরণ বজায় রাখার নির্দেশ দেন তিনি।
পুলিশ সুপার বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে শৃঙ্খলা, ধৈর্য এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অত্যন্ত জরুরি। নির্বাচন সংক্রান্ত আইন ও বিধি যথাযথভাবে অনুসরণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মোঃ জসীম উদ্দীন চৌধুরী পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (বিশেষ সশস্ত্র বাহিনী) মোজাম্মেল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাঙামাটিতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত ও সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


