শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদ
- ০২:৫৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / 4

মোঃ তহিদুল ইসলাম বগুড়া প্রতিনিধি প্রতিনিধি
শীতার্ত ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদ।শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সংগঠনটির উদ্যোগে ঐতিহাসিক মহাস্থানগড় প্রেসক্লাবের হলরুমে অর্ধশতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সৈকত–এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি আব্দুর রহিম সরকার–এর সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাস্থানগড় প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, কোষাধ্যক্ষ গোলজার রহমান এবং মহাস্থান পুকুরপাড় মসজিদের মোয়াজ্জেম আবদুর রহমান।
এসময় বক্তারা বলেন, সমাজে অনেক বিত্তবান মানুষ রয়েছেন যারা সমাজের জন্য কিছু করতে চান, কিন্তু সময়ের অভাব বা সঠিক পদ্ধতি না জানার কারণে তা করতে পারেন না। তারা চাইলে আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে তাদের সহযোগিতা অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। সংগঠনটি দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। শীত মৌসুমে দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ—এমন উদ্যোগের জন্য বক্তারা সংগঠনটিকে সাধুবাদ জানান।
সভাপতির বক্তব্যে আব্দুর রহিম সরকার বলেন, “আমরা প্রতি বছর গরিব, দুস্থ ও ছিন্নমূল মানুষের জন্য বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে থাকি। এই শীতে অনেক মানুষ শীত নিবারণের জন্য প্রয়োজনীয় বস্ত্র থেকে বঞ্চিত। তাই সীমিত সামর্থ্য নিয়ে আজকের এই আয়োজন করেছি। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।”
এসময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, সুলতান মাহমুদ, সোহেল রানা, হাসান আলী, রতন মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।




















