হিলি স্থলবন্দরে মরিচের স্রোত, কেজি প্রতি দাম কমলো অর্ধেকেরেও বেশি
- ০৪:১৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 1

মোঃসেলিম রেজা শামিম, (ষ্টাফ রিপোর্টার)
দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়াতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিনই আসছে ভারতীয় বোঝায় বোঝায় কাঁচা মরিচের ট্রাক। সরবরাহ বেড়ে যাওয়াতে হু হু করে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। কয়েক দিনের ব্যবধানে বিভিন্নরকম প্রকারভেদে প্রতি কেজিতে মরিচের দাম কমেছে ৫০ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত। বর্তমানে বাজারে কাঁচা মরিচ মিলছে ১১০ টাকা থেকে ১২০ টাকায়, যেখানে গত সপ্তাহের শুরুর দিকে বাজারে একই মরিচ বিক্রি হচ্ছিল ১৭০ থেকে ১৮০ টাকায়।
২৪শে আগষ্ট রোজ রবিবার সকাল থেকেই হিলি স্থলবন্দরের ভেতরে আমদানিকৃত মরিচ কেনাবেচায় ব্যস্ত দেখা গেছে অনেক ব্যবসায়ীদের। তাদের দাবি, প্রচণ্ড গরমের কারণে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে মরিচ, সেই সঙ্গে আগের মতো চাহিদাও নেই। ফলে ব্যবসায়ীরা বাধ্য হয়ে কম দামে বিক্রি করছেন কাঁচা মরিচ।
স্থানীয় এক কমিশন এজেন্ট বলেন, “কয়েক দিন থেকেই প্রচুর মরিচ আসছে। তাই দাম কিছুটা কমলেও আমাদের কেনাবেচায় সুবিধা হচ্ছে।” আরেক আমদানিকারক সাহাবুল হোসেন জানান, “যে মরিচ কয়েক দিন আগে ১৮০ টাকায় কিনেছিলাম, এখন তা ১১০ টাকায় ছাড়তে হচ্ছে। আমদানি বাড়তে থাকলে দাম আরও নামতে পারে।”
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জানান, প্রতি মেট্রিক টন কাঁচা মরিচ ৫০০ ডলার দরে শুল্কায়ন করা হচ্ছে, যার ফলে প্রতি কেজিতে প্রায় ৩৬ টাকা ৭৮ পয়সা শুল্ক দিতে হচ্ছে। ব্যবসায়ীরা যাতে সহজে পণ্য ছাড় করতে পারেন, সে জন্য কাস্টমসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
কাস্টমসের তথ্যমতে, চলতি মাসের প্রথম দিন থেকে শনিবার পর্যন্ত ভারত থেকে ১৬৯ টি ট্রাকে প্রায় এক হাজার ৩০৮ টন কাঁচা মরিচ হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে।




















