বানিয়াচংয়ে বাবার মৃত্যু ছেলের বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে
- ০৯:৫২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / 5

সিলেট বিভাগীয় প্রতিনিধি,মোঃমোজাম্মিল আলী
সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে বিয়ে বাড়িতে আলোকসজ্জা চলা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের বাবার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ৩০ জুলাই গুনাই মদনমুরত গ্রামে এ ঘটনা ঘটে।মৃত বিষু পাল (৬৫) ওই গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই বৃহস্পতিবার। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল, যেখানে ছিল লিকেজ। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।
বিয়ের আনন্দময় পরিবেশ হঠাৎ করে দুঃখে পরিণত হয়।এ দিন বিকেলে বিষু পালের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যেতে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। এ ঘটনা নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




















