অবশেষে কব্জিকাটা গ্রুপ এর অন্যতম সদস্য বাবু খান ওরফে টুন্ডা বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব-২
- ১২:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 3

বিশেষ প্রতিনিধি
অবশেষে রাজধানীর মোহাম্মদপুরের ‘কব্জিকাটা গ্রুপ’-এর অন্যতম সদস্য বাবু খান ওরফে টুন্ডা বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব-২। বুধবার (২ জুলাই) বিকেলে র্যাব-২ ও ৬ এর বিশেষ অভিযানে নড়াইল জেলার লোহাগড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার। খালিদুল হক হাওলাদার জানান, শিশু, মহিলা, বৃদ্ধ সবার ওপর নির্বিচারে চাপাতি চালাতেন টুন্ডা বাবু। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি টুন্ডা বাবুকে গ্রেপ্তার করা হলেও ২ মাস ১০ দিন পর জামিনে বের হয়ে আসেন তিনি। আলোচিত শীর্ষ সন্ত্রাসী আনোয়ারের সহকারী হিসেবে টুন্ডা বাবু কাজ করতেন বলে জানান খালিদুল হক হাওলাদার। আনোয়ার গ্রেপ্তার হওয়ার পর থেকে মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী রাজত্ব চালায় টুন্ডা বাবু। তার বিরুদ্ধে ৪টি হত্যা, ২টি ডাকাতি, ২টি মাদক ও ২টি দস্যুতার মামলা রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারিও তাকেও গ্রেপ্তার করে র্যাব-২ । গত ৫ মে তিনি জামিনে মুক্ত হয়ে আগের চেয়ে দ্বিগুণ বেগে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে থাকেন। তিনি মূলত, কব্জিকাটা আনোয়ারের অনুপস্থিতিতে এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেতে আরও দ্বিগুণ বেগে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খালিদুল হক হাওলাদার আরো বলেন, টুন্ডা বাবু মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারকৃত আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন এবং আনোয়ারের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত হন। তিনি কব্জিকাটা আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন।
তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ ১০টির অধিক মামলা রয়েছে এবং তিনি বিভিন্ন মেয়াদে একাধিকবার কারাভোগ করেছেন। সাধারণত দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ মূল্যবান সামগ্রী ছিনতাই করত এবং রাত গভীর হলেই বাসাবাড়ি, ফ্ল্যাট ও গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নিত।




















