সারিয়াকান্দি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষকদের কর্মবিরতি, প্রতিবাদে ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রতিবাদ
- ০৬:৪৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / 1

মোঃ মনিরুজ্জামান জাহিদ বিশেষ প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর মোর্শেদকে অপসারণের দাবিতে গত রবিবার শিক্ষক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। তবে,ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুরুল মোর্শেদ এই কর্মবিরতি এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান। তিনি দাবি করেন, দৈনিক করতোয়া’য় প্রকাশিত তার বিরুদ্ধে প্রতিবেদনটি ভিত্তিহীন এবং বানোয়াট, যার কোনো সঠিক তথ্য বা প্রমাণ নেই। ১৩ লক্ষ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা জানিয়ে তিনি বলেন, ঘুষ বাণিজ্যের অভিযোগকারী মো. জাহিদুল ইসলাম নিজেই স্বীকার করেছেন যে, তিনি তাকে কোনো টাকা দেননি এবং সরাসরি ক্ষমা চেয়েছেন। এছাড়া, এক্সিম ব্যাংক সারিয়াকান্দি শাখায় থাকা ৫০ লক্ষ টাকা নিয়ে ওঠা অভিযোগও ষড়যন্ত্রমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত, কারণ একা তিনি কলেজ ফান্ডের টাকা উত্তোলন করতে পারেন না, এতে কলেজ সভাপতির স্বাক্ষরও প্রয়োজন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুরুল মোর্শেদ দাবি করেন, এসব অভিযোগ তার এবং কলেজের এডহক কমিটির সভাপতি এ্যাডঃ নূর এ আজম বাবুর সুনাম ক্ষুন্ন করার জন্য করা হয়েছে। তিনি এসব অভিযোগের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে প্রস্তুত আছেন এবং শিক্ষকদের কর্মবিরতির পেছনে থাকা কিছু ব্যক্তির উদ্দেশ্যও তীব্রভাবে প্রতিবাদ জানান।




















