বগুড়ায় বিএনপি পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ: প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মোছাঃজিন্নাত আরা জেমি
- ০৯:১৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / 0

রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টার
বগুড়ায় এক বিএনপি পরিবার নিজেদের নির্যাতিত ও জিম্মি হিসেবে উল্লেখ করে এক সংবাদ সম্মেলনে অভিযোগের ঝড় তুলেছেন। পরিবারটির সদস্য মোছাঃ জিন্নাত আরা জেমি দাবি করেন, তাদের পরিবার দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি জানান, তার বাবা মরহুম জয়নাল আবেদীন ছিলেন বৃহত্তর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, আর তার চাচা জয়নাল আবেদীন চাঁন ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে জিন্নাত আরা জেমি অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম মোহনের ব্যবসায়িক পার্টনার ও জেলা যুবলীগের সহ-সভাপতি ফেরদৌস মাহমুদ সেলিমের নেতৃত্বে তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তিনি আরও বলেন, “সেলিমের ছত্রছায়ায় এবং বর্তমানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের সহযোগিতায় আমাদের পরিবারের উপর নির্যাতন অব্যাহত রয়েছে। আমাদের পরিবারের সদস্যদের মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দিয়ে এলাকাছাড়া করা হয়েছে।”
জিন্নাত আরা আরও দাবি করেন, তার স্বামীর ক্রয়কৃত বাড়িটি সেলিমের ক্যাডার বাহিনী দখল করেছে এবং এখন সেটি আবু হাসানের নিয়ন্ত্রণে। তিনি জানান, “৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর সেলিম পালিয়ে গেলেও, আবু হাসান তার নির্দেশে কলোনীতে সেলিমের সম্পত্তি ও ব্যবসা দেখাশোনা করছে।” এছাড়াও তিনি বলেন, আবু হাসান তার স্ত্রীর নামে জোরপূর্বক জমির দলিল করে নিয়েছেন এবং পৌরসভার অনুমোদন ছাড়াই বাড়ি নির্মাণ করছেন। তিনি আবু হাসানের অবৈধ সম্পদ অর্জনের দিকেও ইঙ্গিত করেন, যেখানে তার কোনো বৈধ আয়ের উৎস না থাকলেও তিনি রাজকীয় জীবনযাপন করছেন।
সংবাদ সম্মেলনে এসব অভিযোগের বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা ও ভিত্তিহীন অভিযোগ। আমার স্ত্রী অনেক আগেই নিয়ম মেনে মূক-বধির বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে নিয়োগ পেয়েছেন। আমার নামে সম্পত্তি দখলের যে অভিযোগ তোলা হয়েছে, সেটি দলিলমূলে বৈধভাবে ক্রয় করা হয়েছে।” তিনি আরও বলেন, “আমি দলের একজন সক্রিয় সদস্য, আন্দোলনে অংশ নিয়েছি এবং জেল খেটেছি। কিছু কুচক্রী মহল বিএনপি ও যুবদলের সুনাম ক্ষুণ্ন করতে এসব ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে।”
এলাকাবাসীর একাংশের দাবি, অভিযোগকারীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তারা বলেন, “এই পরিবার দীর্ঘদিন ধরে বালু ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।” স্থানীয় এক সমাজপতি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিএনপি যখন সংগঠন হিসেবে এগিয়ে যাচ্ছে, তখন কিছু কুচক্রী মহল যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দলের অভ্যন্তরীণ সংকট সৃষ্টি করার চেষ্টা করছে।”
এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও দলের নেতাকর্মীরা এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।




















