কাহালুর মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবি ইউপি সদস্যদের
- ১১:৪০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- / 0

রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টার
বগুড়ার কাহালু উপজেলার ৯নং মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাহালু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নেছার উদ্দিনের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে। তার পরিষদের ৮ জন ইউপি সদস্য একযোগে এই অভিযোগ তুলেছেন। অভিযোগকারীরা হলেন: ১. মোছাঃ শিপন বেগম, 2. পারুল বেগম, 3. মুন্জুরুল হক, 4. নজরুল ইসলাম, 5. মাওলানা মোঃ আমিনুল ইসলাম, 6. আব্দুস সামাদ, 7. ওবায়দুল হক, 8. আলহাজ্ব ডাঃ মোঃ আব্দুল মান্নান
ইউপি সদস্যরা অভিযোগ করেছেন, নেছার উদ্দিন ইউপি সদস্যদের স্বাক্ষর জাল করে সরকারি টাকা উত্তোলন করেছেন। নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত মাত্র একবার মাসিক সভা করেছেন। বিভিন্ন প্রকল্পে ইউপি সদস্যদের সভাপতি করলেও প্রকল্প বাস্তবায়নে অনিয়ম করে সদস্যদের না জানিয়ে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে টাকা তুলে নেন।
এছাড়াও অভিযোগ রয়েছে, তিনি চাপ প্রয়োগ করে রেজুলেশনে স্বাক্ষর করতে বাধ্য করেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমর্থকদের সঙ্গে আঁতাত করে টাকা বিনিময়ে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন। ইউপি সদস্যদের সম্মানী ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা আজ পর্যন্ত বাস্তবায়ন করেননি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়ম এবং ট্রেড লাইসেন্স ফি আত্মসাৎ-সহ মোট ১৭টি অভিযোগ তুলেছেন ইউপি সদস্যরা। এসব অনিয়ম ও দুর্নীতির কারণে ক্ষুব্ধ ইউপি সদস্যরা দ্রুত নেছার উদ্দিনের অপসারণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান মো. নেছার উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী ও পরিষদের সদস্যরা।




















