বগুড়ার সাবেক পাড়া এলাকায় রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ: ভালো খোয়ার বদলে খারাপ খোয়া,পিচ কার্পেটিংয়েও অনিয়ম
- ১১:৪২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 1

স্টাফ রিপোর্টার
বগুড়া জেলার গাবতলী উপজেলার সাবেক পাড়া, বিলু মাস্টার চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এক কিলোমিটার রাস্তার পাকা করার কাজে শুরু থেকেই ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার মজবুতির জন্য ভালো মানের খোয়া ব্যবহারের কথা থাকলেও সেখানে নিম্নমানের খোয়া দেওয়া হয়। স্থানীয় যুবকদের তীব্র প্রতিবাদের মুখে পড়ে সেই খোয়া অবশেষে সরিয়ে নেওয়া হয়। কিন্তু দুর্নীতির এখানেই শেষ নয় — পরবর্তীতে রাস্তার পিচ কার্পেটিংয়ের সময়ও অনিয়ম দেখা যায়।
স্থানীয়রা অভিযোগ করেন, পিচ কার্পেটিংয়ের জন্য ছোট পাথর ব্যবহারের নিয়ম থাকলেও সেখানে বড় পাথর মিশিয়ে কাজ করা হচ্ছে। এতে রাস্তার মান নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে এবং ভবিষ্যতে এই রাস্তার স্থায়িত্ব নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে কার্পেটিংয়ের বেশ কিছু অংশ সঠিকভাবে বসেনি, যা দ্রুত ক্ষতির কারণ হতে পারে। রাস্তাটির পাশের পুকুরের পাড় সঠিকভাবে বাঁধার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বৃষ্টির সময় পানির চাপে রাস্তার একাংশ ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর পক্ষে ডা. আশরাফুল ইসলাম রাজু, খায়রুল বাশার, আরিফুল ইসলাম বিপ্লব ও রাকেশের নেতৃত্বে স্থানীয় যুবকরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন। তারা বলেন, “এই রাস্তাটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। আমরা চাই কাজটি সঠিকভাবে হোক, যেন জনসাধারণ দীর্ঘদিন এই রাস্তার সুফল ভোগ করতে পারে।” এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে রাস্তার কাজ সঠিকভাবে সম্পন্ন হয় এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।




















