হাকিমপুরে ঈদ শুভেচ্ছা বিনিময়: সম্মিলিত উদ্যোগেই সমস্যার সমাধান—মন্ত্রী অধ্যাপক ডাঃএ জেড এম জাহিদ হোসেন।
- ০৩:০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
- / 1
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রোববার (২২ মার্চ) সন্ধ্যার পর হাকিমপুর উপজেলা পরিষদ হলরুম-এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের সকল সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব নয়। তবে ধৈর্য, আন্তরিকতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একে একে সমস্যার সমাধান করতে হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করলে চলবে না। সমাজের প্রতিটি সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন কার্যক্রম পূর্ণতা পায় না।
মন্ত্রী আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি সভ্য সমাজ গঠনে আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে হবে। বিশেষ করে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে সচেতন থাকতে হবে এবং পরিবার থেকেই সামাজিক সচেতনতা তৈরি করতে হবে।
মাদক নির্মূল প্রসঙ্গে তিনি বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহ-সভাপতি শাহিন ইসলাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী উপস্থিত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পরে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যা ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
ঈদের এই আয়োজনে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।


















