শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির বিশেষ অভিযানে ৫ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি আটক
- ০১:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 1
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ১টি মোটরসাইকেলসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে
আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। রবিবার (৩০ আগস্ট ২০২৬) বিকেলে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আঃ রহমানের ছেলে মো. আনারুল (৪০) এবং একই ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের মৃত আঃ গফুরের ছেলে মো. সাজামান (২৯)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক বিকেল সাড়ে ৫টায় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ১.৫ কিলোমিটার অভ্যন্তরে কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় ৫ গ্রাম হেরোইন ও ১টি মোটরসাইকেলসহ ওই দুই আসামীকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত ব্যক্তিরা চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে হেরোইন বাংলাদেশে এনে স্থানীয় লোকজনের কাছে বিক্রি করে আসছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ও সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


















