শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর ইউএনও অভিযান
- ১২:২৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 1
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
গত শনিবার অবৈধ ভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের পরেই টনক নড়ে উপজেলা প্রশাসনের।
অবৈধ বালু উত্তোলনের ফলে বসতবাড়ির রাস্তাঘাট হুমকির মুখে পড়লে, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর, সোমবার (২৭ এপ্রিল) বিকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।
দীর্ঘদিন ধরে ওই এলাকার বর্তমান ইউপি সদস্য শাহিনের চার বিঘার মতো একটি পুকুর থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। পুকুরের তলদেশ থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে গ্রামীণ অবকাঠামো এবং কৃষি জমি মারাত্মক হুমকির মুখে পড়ছে। ড্রেজার মেশিন ব্যবহার করে ১০-২০ ফুট বা তার বেশি গভীর করে বালু তোলায় পাড় ভেঙে আশপাশের ফসলি জমি পুকুরে বিলীন হয়ে যাচ্ছে।
পকুর বা খালের পাড় ঘেঁষে থাকা পাকা ও কাঁচা রাস্তা, গ্রামীণ সড়ক এবং চলাচলের পথ অযোগ্য হয়ে পড়ছে। পুকুর থেকে বালু তোলায় অনেক বাড়িঘর ভাঙনের মুখে পড়েছে এবং বহু পরিবার ভিটেমাটি হারানোর আতঙ্কে রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করে কার্যক্রম চিরতরে বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
এসময় অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামাদি পাইপ ও মেশিন ধ্বংস করা হয়েছে। তবে ঘটনাস্থলে জড়িতদের কাউকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, জনস্বার্থ রক্ষায় এবং পরিবেশের ক্ষতি রোধে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


















